পূর্ব বঙ্গের হিন্দুরা কেন দেশত্যাগ করেন (৩য় কিস্তি)
পূর্ব পাকিস্তান থেকে দেশান্তরণের অর্থনৈতিক কারণও ছিল। এমন বহু গরিব মানুষ দেশান্তরিত হয়েছেন যারা ওদেশে নিঃস্ব ছিলেন। তারা যখন ভারতে পুনর্বাসনের সুবিধা পাবার কথা শুনলেন, অনেক পরিবার ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়েন। ব্যক্তিগতভাবে আমি নিজের গ্রাম ও পার্শবর্তী গ্রামের অনেক পরিবারের কথা জানি --- যারা (নমো পরিবার) ১৯৬৫/৬৬ সালের আগে দেশ ত্যাগ করেছেন, তাদের মধ্যকার অধিকাংশই নিতান্ত গরিব ভূমিহীন ছিলেন। দরিদ্রতা থেকে মুক্তির আশায় তারা একটা ঝুঁকি নিয়েছিলেন। দাঙ্গা হাঙ্গামার জন্য যেমন কিছু মানুষ দেশান্তরিত হয়েছেন, তেমনি কিছু মানুষ অজন্মা, বন্যা, জলাবদ্ধতা, দুর্ভিক্ষের জন্যেও দেশ ত্যাগ করেছেন। কলকাতা ও বড় শহরে মজুরের কাজ পাবার আশায় একটা সময় পর্যন্ত বহু মানুষ এসেছেন। হিন্দুরা এসেছেন পরিবার নিয়ে পাকাপাকিভাবে, আবার সংখ্যায় অল্প হলেও কিছু নিরক্ষর, অসহায়, গরিব মুসলমান মানুষও একটা সময় পর্যন্ত এসেছেন কাজের খোঁজে। তারা কেউ পরিবার নিয়ে, কেউ আংশিক পরিবার নিয়ে। তারা পাকাপাকিভাবে ভারতে থাকার ইচ্ছা নিয়ে আসেন নি এবং অধিকাংশ ফিরেও গেছেন। কিন্তু হতে পারে নিশ্চিত কোনো আয়ের সংস্থান হয়ে যাওয়ার কিছু মুসলমান পরিবার হয়তো এখানে থেকেও গেছেন। তবে এই ঝোঁক এখন নেই কারণ বাংলাদেশে কাজের সুযোগ বেড়েছে।
ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যেও কিছু মানুষ এসেছেন। চট্টগ্রামের বহু মানুষ এসেছেন এই সুবিধার কথা ভেবে। নমো এবং অনেক নিন্মবর্ণের মানুষ একটু দেরিতে এসেছেন। তাদের ইচ্ছা থাকলেও আগে আসতে পারেন নি মূলত আর্থিক করবে। তাদের সামান্য সম্বলটুকু নানাভাবে গুছিয়ে, তারপর এসেছেন। বীভৎস দাঙ্গা হাঙ্গামার কারণে দেশ ছাড়তে হলে এটা করা যায় না। তাদের মধ্যকার শিক্ষিত মধ্যবিত্ত অংশ এসেছেন চাকরির সুযোগ গ্রহণ করার আশায়। তারা মনে করেছেন ভারতে উচ্চ শিক্ষা, চাকরি বা ভালো চাকরির সুযোগ অনেক বেশি । ভালো সংখ্যক মানুষ এসেছেন ভারতের বিভিন্ন প্রদেশে ডাক্তারি করে উপার্জনের সুযোগ থাকায়। --- তবে এসব কিছুর মধ্যেও কমবেশি ' ভারত আমার দেশ ' এই অনুভূতি দেশান্তরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। অর্থাৎ দেশ ত্যাগের কারণ রাজনৈতিক , ধর্মীয় ও আর্থিক প্রয়োজনের মাখামাখি।
তথাগত বাবু তার বইয়ে আনন্দবাজার পত্রিকা হিন্দুদের বাস্তু ত্যাগ করার কারণ হিসেবে যা উল্লেখ করেছিল (২৯/১০/১৯৪৮) তা প্রকাশ করেছেন। --- আনন্দবাজার বাস্তুত্যাগ করার প্রধান কারণ বলেছিলি, " (১) পূর্ব বাংলার প্রশাসনে হিন্দু প্রতিনিধিত্বের অভাব (মনে রাখতে হবে এটা হয়েছিল বর্ণ হিন্দুরা অপশন দিয়ে ভারত সরকারের চাকরি গ্রহণ করায়), (২) পুলিশ এবং সেনাবাহিনী --- যারা শান্তিরক্ষার দায়িত্বপ্রাপ্ত --- তাতে হিন্দু আধিকারিকের অভাব (একই কারণে), (৩) জোর করে হিন্দুদের সম্পত্তি দখল, (৪) হিন্দুদের গ্রেফতার ও বিনাবিচারে কারাবাস, (৫) বিনা কারণে বা অপর্যাপ্ত কারণে হিন্দুদের ঘরবাড়ি খানাতল্লাশি,(৬) হিন্দু ব্যবসায়ীদের বয়কট করা, (৭) খাদ্য সংকট ও সাধারণভাবে অর্থনৈতিক পশ্চাৎপদতা। --- এই সময়ে পূর্ব পাকিস্তানে একটা অর্থনৈতিক সংকট উপস্থিত হয়েছিল ঠিকই। এর মূল কারণ, দেশভাগের ফলে বাণিজ্য শৃঙ্খল ছিন্ন হওয়া। পশ্চিমবঙ্গ বিরাট ভারত রাষ্ট্রের অঙ্গ হওয়ার ফলে সেখানে এই সমস্যাটা তেমন আকার ধারণ করে নি। পূর্ব বাংলায় সাধারণ চালের দাম দাঁড়িয়েছিল ৫০ টাকা মণ --- সেখানে পশ্চিমবঙ্গে ছিল মাত্র ২১ টাকা মণ "---
(চলবে --- ৪থ ও শেষ পর্ব কাল। তারপর দাঙ্গা এবং অন্য সবকিছু)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন